দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে, এমন মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আজ বুধবার মেহেরপুরে আয়োজিত সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমাম সেলিম বলেন, ‘সর্বত্র চলছে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন। এই আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলিম বিশ্ব। একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দেয়া হচ্ছে। কোটি কোটি মুসলমানকে উদ্বাস্তু শিবিরে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে।’

এসময় বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের অবস্থা ব্যতিক্রম নয়। এখানে অভ্যূত্থান হচ্ছে, নির্বাচন হচ্ছে, একটার পর একটা সরকার পরিবর্তন হচ্ছে। কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ও নিরাপত্তা মানুষ পাচ্ছে না। একদিকে বেকারত্ব, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে।

তিনি এই অশান্তির মূল কারণ হিসেবে ব্রিটিশদের রেখে যাওয়া শাসনব্যবস্থাকে দায়ী করেন। বলেন- ব্রিটিশরা যে রাজনৈতিক, বিচারিক এবং অর্থনৈতিক কাঠামো দিয়ে গেছে, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানবরচিত এই ব্যর্থ ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া সঠিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি। বলেন- একমাত্র ইসলামের সঠিক আদর্শের বাস্তবায়নই পারে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে।

সংগঠনটির মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিন, শামসুজ্জামান মিলন প্রমুখ। অনুষ্ঠানের মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।