কুমিল্লা ও লাকসামে হেযবুত তওহীদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার জেলা কার্যালয় ও লাকসাম উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই আয়োজনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান লিহি। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা আঞ্চলিক আমির, জেলা সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মানিক মিয়া, মিডিয়া সম্পাদক রাহাত চৌধুরী, লাকসাম উপজেলা সভাপতি মাসুদুজ্জামান এবং অর্থ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য নেতারা।

আলোচনা সভায় মুখ্য আলোচক রাকিবুল হাসান লিহি তাঁর বক্তব্যে বলেন, “সাওম মানে কেবল উপবাস থাকা নয়; সাওম হচ্ছে আত্মসংযম ও ত্যাগের মাস। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এর ঠিক উল্টো চিত্র। যে মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকার কথা ছিল, সেখানে অন্যান্য মাসের তুলনায় দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। আজ সমাজের মানুষ সাওমের আসল উদ্দেশ্যই ভুলে গেছে।”

তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যেমন আমাদের ওপর সাওম ফরজ করেছেন, তেমনি তাঁর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করাও আমাদের ওপর ফরজ করেছেন। আমরা ব্যক্তিগত জীবনে ছোটখাটো আমল করলেও জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া বিধান মানছি না। মানুষের তৈরি জীবনব্যবস্থা মেনে নিয়ে আমরা যতই আমল করি না কেন, তা কোনো কাজে আসবে না।”

আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এই নেতা বলেন, “একমাত্র আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাই পারে মানুষের জীবনে প্রকৃত শান্তি এনে দিতে। আমাদের বিচারব্যবস্থা, বাণিজ্য, অর্থনীতি ও শিক্ষাব্যবস্থা কীভাবে চলবে, তা আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে স্পষ্ট করে দিয়েছেন। আমরা সেই জীবনব্যবস্থার দিকেই মানুষকে আহ্বান করছি।”

বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে মানুষের তৈরি এই জীবনব্যবস্থা আমাদের এক দিনের জন্যও শান্তি দিতে পারেনি। একের পর এক নির্বাচন হয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, কিন্তু তারা শান্তি দিতে ব্যর্থ হয়েছে। মানুষের তৈরি আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনার কারণেই আমরা প্রতিটি সেক্টরে অন্যায়, অবিচার ও অশান্তিতে নিমজ্জিত হয়েছি।”

পরিশেষে দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখনই সময় আল্লাহর দেওয়া জীবনব্যবস্থায় ফিরে আসার। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলি, যেখানে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা চলবে এবং তাঁর দেওয়া সিদ্ধান্তই হবে চূড়ান্ত।”