নিবন্ধ

হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পার ইন্তেকাল

13 Nov, 2026 Admin User 7 ভিউ
হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পার ইন্তেকাল

ময়মনসিংহ, ১৩/১২/২০২৬: হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় আমির এনামুল হক বাপ্পা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর ২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেযবুত তওহীদের মাননীয় ইমাম। শোকবার্তায় তিনি এনামুল হক বাপ্পাকে দীর্ঘদিনের প্রিয় সাথী, বিশ্বস্ত বন্ধু ও আন্দোলনের অন্যতম সিপাহসালার হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, বাপ্পা আমিরের কর্মক্ষেত্র এত বিস্তৃত ছিল যে প্রত্যেক মুজাহিদের হৃদয়ে তিনি ভালোবাসার জায়গা করে নিয়েছিলেন। তাই আকস্মিক এই মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। ময়মনসিংহের দায়িত্বশীলদের আর্তনাদে নিজের বুকও ভেঙে যাচ্ছে বলে উল্লেখ করেন মাননীয় ইমাম।

টাঙ্গাইলের সন্তান এনামুল হক বাপ্পা ১৯৯৯ সালে মাত্র ১৮ বছর বয়সে হেযবুত তওহীদে যোগ দেন। সেদিন থেকে আল্লাহর তওহীদ প্রতিষ্ঠার সংগ্রামই হয়ে ওঠে তাঁর ধ্যানজ্ঞান। এই পথে তিনি জীবনের সমস্ত জাগতিক ভোগবিলাস কোরবানি করেছেন। নিত্যব্যবহার্য কিছু জিনিসপত্র ছাড়া কোনো পার্থিব সম্পদ রেখে যাননি। ময়মনসিংহের একটি হোটেলে স্বল্প বেতনে চাকরি করতেন, যে আয়ে পরিবারকে নিজের কাছে রাখার সামর্থ্যও তাঁর ছিল না।

কয়েক বছর আগে হঠাৎ স্ট্রোক করলে তাঁর হৃদরোগ ধরা পড়ে। আন্দোলনের চিকিৎসা বিভাগের আন্তরিক প্রচেষ্টায় তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু কাজের ব্যস্ততায় নিজের শরীরের দিকে কখনো খেয়াল রাখার সময় পাননি।

দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিভাগের প্রতিটি সদস্যকে তিনি আপন করে নিয়েছিলেন, সদস্যরাও তাঁকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন। মাননীয় ইমাম বলেন, তাঁর নেতৃত্বগুণ, সবর, দৃঢ়তা এবং কঠিন সংকটেও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর ক্ষমতা ছিল অসামান্য। হাজার হাজার অনুষ্ঠান তিনি সফলভাবে সম্পন্ন করেছেন, তাঁর সমর্পণ ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। তাঁর অভাব পূরণ হওয়ার নয়।

সবাইকে আল্লাহর সিদ্ধান্তের ওপর ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মাননীয় ইমাম বলেন, মহামান্য এমামুযযামানের ইন্তেকালের সময় যেভাবে বুকে পাথর চাপা দিয়ে সবর করা হয়েছিল, এখনও সেভাবেই ধৈর্য ধরতে হবে। বাপ্পা আমির আন্দোলনকে যতদূর এগিয়ে দিয়ে গেছেন, সেখান থেকে বিজয় পর্যন্ত নিয়ে যাওয়ার প্রত্যয় নিতে হবে।

আজ ঢাকার উত্তরা, টাঙ্গাইল ও ময়মনসিংহের শম্ভূগঞ্জে তাঁর জানাজার সালাত অনুষ্ঠিত হবে।

 

মাননীয় ইমাম মরহুমের জন্য দোয়া করে বলেন, আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর সংগ্রাম কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি শোকসন্তপ্ত মা, ভাই-বোন, স্ত্রী, সন্তানসহ পরিবারের সবার এবং আন্দোলনের সকল সদস্যের জন্য সবরের তওফিক কামনা করেন। আমিন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 191 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4