কুষ্টিয়া, ৩০ জানুয়ারি ২০২৬: সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শীত উপেক্ষা করে সকাল থেকেই কুষ্টিয়া ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার কর্মী-সমর্থক সমাবেশস্থলে যোগ দেন। সকাল গড়াতেই সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া যে ব্যবস্থা দিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, আইন-আদালত পরিচালিত হচ্ছে, তা মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মানবরচিত এই ব্যবস্থা যতদিন চলবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। নির্বাচনের মাধ্যমে কেবল ক্ষমতার পালাবদল ঘটবে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না।”
তিনি আরও বলেন, “এই শোষণমূলক ব্যবস্থা ভাঙতে হলে আল্লাহর দেওয়া তওহীদভিত্তিক জীবনব্যবস্থা গ্রহণ করতে হবে। রাসুলুল্লাহ (স) ও তাঁর সাহাবীরা যে ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ে তুলেছিলেন, সেই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। চলমান অন্যায়, অবিচার, অশান্তি থেকে মুক্তির একমাত্র পথ ইসলাম।”

মাননীয় এমাম ইসলামের প্রকৃত রূপ তুলে ধরে বলেন, “ইসলাম একটি সহজ-সরল, ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। একশ্রেণির ধর্মব্যবসায়ীর ফতোয়াবাজির মাধ্যমে ইসলামকে কঠিন বানিয়ে ফেলেছে। তারা ইসলামের নামে মব সন্ত্রাস, নারী বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে ইসলামে এসব অন্ধত্বের কোনো স্থান নেই। রাসুলুল্লাহ (স) যে ইসলাম কায়েম করেছিলেন, সেখানে নারী-পুরুষ, মুসলিম-অমুসলিম সকল মানুষের অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত ছিল। হেযবুত তওহীদ মানুষকে সেই প্রকৃত ইসলামের দিকেই আহ্বান করে যাচ্ছে।”
হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, এস এম সামসুল হুদা, ডা. মাহবুব আলম মাহফুজ প্রমুখ।
বক্তারা সকলকে আহ্বান জানান যেন আল্লাহর বিধান গ্রহণ করে শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠার এই মহান লক্ষ্যে ঐক্যবদ্ধ হন। হেযবুত তওহীদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সত্যের পথে অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যান।