গাজীপুরে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বাক-স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুরে হেযবুত তওহীদ মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো গোলটেবিল বৈঠক। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এই বৈঠকে জেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি আবু রায়হানের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহাবুব আলম মাহফুজ। তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারেনি; বরং সংঘাত ও বৈষম্য তৈরি করেছে। একমাত্র আল্লাহর জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। প্রকৃত বাক-স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের গ্যারান্টি নিহিত রয়েছে কোরআনের বিধানেই।”

তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে তথ্য প্রচার করা। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য, কিংবা গোপন গোয়েন্দাগিরি—এসব আচরণ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিত নীতিগুলোই গণমাধ্যমকে করবে নিরপেক্ষ, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন।

প্রবন্ধ উপস্থাপনায় তিনি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন—যেখানে রাজনৈতিক কাঠামো, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনী, মন্ত্রিপরিষদ, গণমাধ্যম, নারী-পুরুষের মর্যাদা, অন্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, আইনসভা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার দিকনির্দেশনা উপস্থাপন করা হয়।

বৈঠকে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, কেন্দ্রীয় কমিটির সহকারী নারী সম্পাদক আয়শা সিদ্দিকা, ঢাকা বিভাগীয় মহিলা সম্পাদক তাসলিমা, গাজীপুর আঞ্চলিক সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ, ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন সরকার, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, ডিবিসি টেলিভিশনের মাহমুদা শিকদার, দৈনিক নওরোজের বার্তা সম্পাদক মনসুর হোসেন, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক মো. আবু হানিফা।

এছাড়া গোলটেবিল বৈঠকে উপস্থিত সাংবাদিকরা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ভূমিকা নিয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। তারা বলেন, সমসাময়িক বিশ্বের নানা সংকট মোকাবিলায় কোরআনভিত্তিক দিকনির্দেশনা অনুসরণই হতে পারে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সুশৃঙ্খল রাষ্ট্রব্যবস্থার ভিত্তি।